কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’
বনলতা সেন সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ছবিটি আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর আগে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছিলো সিনেমাটি।

এর ফলে একই মাসে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হলো ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত এই ছবিটি প্রথমে কেরালা এবং এরপর কলকাতার দর্শকদের সামনে প্রদর্শিত হবে।

বনলতা সেন সিনেমার একটি দৃশ্যে খায়রুল বাসার
বনলতা সেন সিনেমার একটি দৃশ্যে খায়রুল বাসার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক তালিকায় ছবিটির নাম জায়গা পেয়েছে। এছাড়া উৎসবের পরিচালক ও পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র ‘নন্দন’-এর প্রধান নির্বাহী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়ও নির্মাতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে ‘বনলতা সেন’ দলকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানান, তার কাছে এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।

এবারের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ প্রতিযোগিতায় ৮টি দেশ ও অঞ্চলের মোট ৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ‘বনলতা সেন’ ছাড়াও এই বিভাগে রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত একাধিক ছবি। এশিয়ার স্বতন্ত্র ধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে এসব ছবির পরিচিতি বাড়ানোর লক্ষ্যে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।

সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ন্তী ঊর্বী
সিনেমায় অভিনয় করেছেন প্রিয়ন্তী ঊর্বী

‘বনলতা সেন’-এর সহপ্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন এবারের প্রতিযোগিতায় থাকা ছবিগুলোর আন্তর্জাতিক অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র প্রযোজক সমিতিগুলোর ফেডারেশন (ফিয়াপফ) স্বীকৃত কেরালা ও কলকাতার মতো দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়া আমাদের জন্য বিশেষ আনন্দের। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সাম্পর্কিত একটি চলচ্চিত্রের কলকাতার নেটপ্যাক প্রতিযোগিতায় জায়গা পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

ইমন আরও বলেন, এবারের প্রতিযোগিতায় রয়েছে থাইল্যান্ডের ‘নাইন টেম্পলস টু হেভেন’, যার প্রিমিয়ার হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে। ছবিটি সাংহাই ও লন্ডনেও পুরস্কার পেয়েছে। দক্ষিণ কোরিয়ার ‘দ্য কোয়ায়েট অ্যাপ্লজ’ নির্বাচিত হয়েছে ভ্যাঙ্কুভার ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ভারতের ‘বার্ডস অন আইস’ প্রদর্শিত হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আন্তর্জাতিকভাবে পরিচিত এমন সব ছবির সঙ্গে একই প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়া ছবিটির পরিচালকসহ পুরো নির্মাণদলের জন্য বড় স্বীকৃতি।

এর আগে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমা নির্মাণ করেন মাসুদ হাসান উজ্জ্বল। ‘বনলতা সেন’ তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।

রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই ছবির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার। ছবির দুটি গানের মধ্যে ‘এখানে কেউ নেই’-এর কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন মাসুদ হাসান উজ্জ্বল এবং কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।

সিনেমার একটি দৃশ্য
সিনেমার একটি দৃশ্য

আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের একটি ‘বনলতা সেন’। এর পরপরই কলকাতার উৎসবে অংশ নেবে ছবিটি। এর মধ্য দিয়ে দুই বাংলার অভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত দর্শকদের কাছে পৌঁছানোর আরেকটি সুযোগ পাচ্ছে চলচ্চিত্রটি।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন: ইনোভেশন ইন মুভিং ইমেজেস’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্যদিকে ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ প্রতিযোগিতায় রয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’। ফলে উৎসবের দুটি পৃথক প্রতিযোগিতা বিভাগে থাকছে বাংলাদেশের দুই নির্মাতার চলচ্চিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের নির্মাতাদের এমন উপস্থিতি দেশের চলচ্চিত্রের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক খবর।

/জেএইচ/