নতুন অধ্যায় শুরু করেছেন মিথিলা, চাইলেন দোয়া

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
নতুন অধ্যায় শুরু করেছেন মিথিলা, চাইলেন দোয়া
রাফিয়াত রশিদ মিথিলা

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে অনেক আগেই বড়পর্দায় পদার্পণ করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপর বাংলার একাধিক সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন এই অভিনেত্রী। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পেশাগত জীবনের এই সুখবরের কথা অভিনেত্রী নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করেছেন।

শাড়িতে মোহনীয় লুকে মিথিলা
শাড়িতে মোহনীয় লুকে মিথিলা

মিথিলা কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন। সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন।

ফেসবুক পোস্টে মিথিলা উল্লেখ করেন, প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে এই উদ্যোগ। যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নিজের গ্লোবাল অভিজ্ঞতা কলম্বিয়ায় কাজে লাগাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত হয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে মিথিলা জানান, তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন। সেইসঙ্গে শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, বিনোদন জগতের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের অভিজ্ঞতার মধ্যে ১৫ বছরই তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা। এই নতুন যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে খানিকটা দূরে থেকেই নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে নতুন কাজে লাগাতে চান এই তারকা।

/জেএইচ/