পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে বাধা নেই: আপিল বিভাগ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে বাধা নেই: আপিল বিভাগ
হাইকোর্ট। ছবি: সিটিজেন জার্নাল

নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও স্থগিত করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিটের শুনানি করেন। শুনানি শেষে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।

আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা রইলো না।

/জেএইচ/