শাকিবের ‘মহাব্বতে’ কিয়ারা নয়, চূড়ান্ত কিনজা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শাকিবের ‘মহাব্বতে’ কিয়ারা নয়, চূড়ান্ত কিনজা
কিয়ারা আদভানি, শাকিব খান ও কিনজা হাশমি। কোলাজ: সিটিজেন জার্নাল

শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো সামাজিকমাধ্যমে। তবে এটা সত্য নয়। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে ভারতীয় এই অভিনেত্রী নন, চূড়ান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি।

কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি

সম্প্রতি ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন ‘নেক্সট’। এক শব্দের এই পোস্ট ঘিরেই মূলত নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে।

শাকিব খান
শাকিব খান

তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমায় নায়িকা হিসেবে আগেই পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত। এই সিনেমায় কিয়ারা আদভানি যে থাকছেন না, তা নিশ্চিত। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে কিয়ারা থাকবেন কি না, সে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবেই তা ঘোষণা করা হবে।

কিনজা হাশমি
কিনজা হাশমি

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ। তিনি আগামী বছরের নতুন কোনো কাজের কথা মাথায় রেখেই কিয়ারাকে নিয়ে ওই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

/জেএইচ/