তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা, তদন্তে পিবিআই
অভিনেত্রী তানজিন নাহার তিশা

অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিফকাহ চৌধুরী। রবিবার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে তিনি মামলাটি করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী এর আগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন। এ ছাড়া হুমকি দেওয়ার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(সি) ধারায় আরেকটি মামলা করেন।

বাদীর দাবি, এসব মামলা করার পর প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন ছবি প্রকাশ করেন এবং তাঁর সম্পর্কে ভুল তথ্য ছড়ান। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে বাদীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন।

অভিনেত্রী তানজিন নাহার তিশা
অভিনেত্রী তানজিন নাহার তিশা

মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ নভেম্বর তানজিন তিশা বাদীকে মেসেঞ্জারে ফোন করে ছবি প্রকাশের হুমকি দেন। এ সময় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’

বাদীর অভিযোগ, তিশার ফেসবুক পেজে প্রকাশিত ছবির সঙ্গে দাবি করা হয়, তিনি এক নারীকে চুম্বন করছেন। একই সঙ্গে দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করা হয়। এ ঘটনায় বাদী আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। তবে নোটিশ পাওয়ার পরও ছবি সরানো হয়নি। উল্টো তাকে কটূক্তি ও মানহানি করা এবং আরও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাদী আদালতে মানহানির মামলা করেন।

/এমআর/