জীবনে সব চেষ্টা প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না: মাহি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
জীবনে সব চেষ্টা প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না: মাহি
সামিরা খান মাহি

বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার স্বপ্ন নিয়ে ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে গিয়েছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুটের লড়াইয়ে এগিয়ে যাওয়া হলো না তার। প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা পাননি তিনি। প্রত্যাশিত ফল না পাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই সুন্দরী।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন।

বিশ্বমঞ্চে সামিরা খান মাহি
বিশ্বমঞ্চে সামিরা খান মাহি

মাহি লেখেন, প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন- সত্যিই আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

অনেকটা আক্ষেপ নিয়ে তিনি বলেন, জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।

মাহি আরও বলেন, আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।

র‌্যাম্পওয়াকে মাহি
র‌্যাম্পওয়াকে মাহি

দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে এই সুন্দরী বলেন, বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।

সবশেষ তিনি বলেন, আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে নেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়ে তার যাত্রা থামে।

/জেএইচ/