বাসাবো-কদমতলা খালের অবৈধ দখল ছেড়ে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাসাবো-কদমতলা খালের অবৈধ দখল ছেড়ে দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
বাসাবো-কদমতলা খালের পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

বাসাবো-কদমতলা খালের দুই পাশের অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেছেন, খালের দুই পাশের অবৈধ দখলদারদের স্বেচ্ছায় দখল ছেড়ে দিতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বাসাবো-কদমতলা খাল পরিদর্শন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, খালের পাড় বাঁধাই এবং দুর্ঘটনা এড়াতে পাশে দেয়াল বা গ্রিল স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে। তবে খাল রক্ষায় এলাকাবাসীর সহযোগিতা জরুরি। কেউ খালে ময়লা, আবর্জনা বা পলিথিন ফেলবেন না। শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়, এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এই বাসাবো-খিলগাঁও পরিকল্পিত একটা এলাকা। এগুলো যদি আমরা ঠিকমতো সংরক্ষণ করতে পারি তাহলে গুলশান-বনানী যেতে হবে না।

বাসাবো-কদমতলা খালের পরিষ্কার কার্যক্রম উদ্বোধন শেষে মোনাজাত করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল
বাসাবো-কদমতলা খালের পরিষ্কার কার্যক্রম উদ্বোধন শেষে মোনাজাত করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। ছবি: সিটিজেন জার্নাল

আবদুস সালাম বলেন, বাসাবো-কদমতলা খালটি প্রায় ১ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ। এটি বাসাবো থেকে কদমতলা, ছায়াবীথি হয়ে শুকনগর খালের সঙ্গে যুক্ত হয়েছে। দখল ও ভরাটের কারণে খালটি বর্তমানে ড্রেনে পরিণত হয়েছে। খাল পরিষ্কারের ক্ষেত্রে শুধু ওপরের ময়লা সরালেই হবে না, তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করতে হবে। পরিষ্কারের পর ময়লা-আবর্জনা ট্রাকে করে সরিয়ে নিতে হবে, কোথাও ফেলে রাখা যাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে ডিএসসিসির পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রমে আমার নির্বাচনী এলাকার মানুষ পাশে রয়েছে। এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত ও দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আমি কাজ করছি। আশা করছি আগামী দুই-তিন মাসের মধ্যে এই আসনের বিভিন্ন সমস্যার সমাধানে সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ পাওয়া যাবে।

/এফসি/