বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমণি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে: পরীমণি
পরীমণি

গত কয়েকদিন ধরে আলোচনায় রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। এক সাংবাদিকের বিরুদ্ধে ব্যাডটাচের অভিযোগ তুলে তাকে ক্যামেরার সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিনেত্রী। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ফেসবুকে তার বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া ব্যক্তিদের খোঁচা দিয়ে বসলেন এই নায়িকা।

বয়কটের ডাক দিয়েও তাকে ফেসবুকের ফ্রেন্ডলিস্টে রাখায় সংশ্লিষ্টদের নিয়ে কটাক্ষ করেছেন পরীমণি।

রবিবার (৮ নভেম্বর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আিইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লেখেন, ‘এদের এ কেমন বয়কটের ধরন! বয়কট ঘোষণা করে আমারে ফ্রেন্ডলিস্টে রাইখা দিছে।’

যদিও নেটিজেনদের নজর কাড়ার কিছুক্ষণ পরেই সেই রহস্যময় পোস্টটি হঠাৎ করেই আবার মুছে ফেলেন তিনি। তবে ততোক্ষণে সেই পোস্টটির স্ক্রিনশট ঠিকই ছড়িয়ে পড়ে।

বিতর্কের সূত্রপাত গত ৫ নভেম্বর। ওইদিন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগে ওই সাংবাদিককে হেনস্তা করেন পরীমণি। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনার পর দেশের মূলধারার সাংবাদিক সংগঠনগুলো পরীমণির আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা করেন। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালের মতো সংগঠনগুলো পরীমণির এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।

সাংবাদিকদের এই কঠোর অবস্থানের আঁচ গিয়ে লাগে শোবিজ অঙ্গনেও। এর রেশ ধরেই চট্টগ্রামে অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’-এর অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে। এর একদিন পর এই পোস্ট দিলেন পরীমণি।

/জেএইচ/