ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, আটক ৬

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, আটক ৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে ঘটনায় জড়িত সন্দেহে আপেল মাহমুদ (২০), সাদ মিরাজ খান (২০), আরাফাত মুরসালিন পিয়াস (২০), মো. মিনার (২০), রায়হান আহমেদ নাহি (১৮) এবং শিখন হোসেনকে (১৭) আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তাদের পুলিশের কাছে দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে।

আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, তাদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী যেমন রয়েছেন, তেমনি কয়েকজন চলতি বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন। শিখন নামে একজনকে আগে বিজয়-২৪ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছিল। আগের একটি ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। নতুন ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কলেজ কর্তৃপক্ষও ব্যবস্থা নেবে।

ওসি আইয়ুব আলী বলেন, বিস্ফোরণের পর শিক্ষার্থীরা সন্দেহভাজন ছয়জনকে পুলিশের কাছে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

/এফআর/