শিরোনাম

ঈদে আসছে টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

নিজস্ব প্রতিবেদক
ঈদে আসছে টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’
ছবি: সংগৃহীত

প্রবাস জীবনের নিঃসঙ্গতা, মুখোশের নিচে লুকিয়ে থাকা বেদনা, বন্ধুত্বের মানসিক আশ্রয় এবং স্মৃতি হয়ে থাকা সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে মনস্তাত্ত্বিক গল্পের টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’।

চলচ্চিত্র পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মিত এই টেলফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়িকা অধরা খান ও এমদাদ এইচ ভূঁইয়া (রাজু)। টেলিছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম লোকেশনে।

টেলিছবির গল্প প্রসঙ্গে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, এই টেলফিল্মের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সংগ্রামের গল্প তুলে ধরার চেষ্টা করেছি। অনেক সময় মানুষের হাসির আড়ালে লুকিয়ে থাকে অজানা অনেক গল্প। প্রবাস জীবনের নিঃসঙ্গতা ও মুখোশের নিচে লুকিয়ে থাকা বেদনার বিষয়গুলো এই গল্পে উঠে এসেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

অভিনেতা মামনুন হাসান ইমন বলেন, কিছুদিন আগে অবকাশ যাপনে নিউইয়র্কে গিয়েছিলাম। তখন নঈম ভাই কাজের প্রস্তাব দিলে গল্প ও চরিত্র ভালো লাগায় কাজটি করতে আগ্রহী হই। আমরা তো কাজের মানুষ, কাজ ছাড়া ভালো লাগে না। কথায় আছে, টেকি স্বর্গে গেলেও ধান ভানে। ব্যাপারটা তেমনই হয়েছে। নির্মাতা খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি প্রচারে এলে সবার ভালো লাগবে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউব চ্যানেল NY71TV-তে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ মুক্তি পাবে।

/এসএ/