কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ২৮৮

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আটক ২৮৮
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

গত ৪৮ ঘণ্টায় কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন সদস্য রয়েছেন।

গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফেরানো এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন পুলিশের অভিযানে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।

/এসবি/