বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি: মৌসুমীর জন্মদিনে সানী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি: মৌসুমীর জন্মদিনে সানী
ওমর সানী ও মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন আজ। গত কয়েক বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে দিনটি পালন করবেন তিনি। তবু ভক্ত, সতীর্থদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো এই অভিনেত্রী। তবে শুধু ভক্তরাই নয়, তাকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী অভিনেতা ওমর সানীও। সঙ্গে দিয়েছেন বিশেষ তকমা।

মৌসুমীর কয়েকটি ছবির একটি কোলাজ বানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন সানী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’

মৌসুমীর কোলাজ ছবি পোস্ট করেন ওমর সানী
মৌসুমীর কোলাজ ছবি পোস্ট করেন ওমর সানী

এর আগে গতকাল মধ্যরাতেও একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেতা। সেখানে তিনি বলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন। প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ তোমাকে যে সম্মান করে, আল্লাহ যেন তোমাকে আরো সম্মানিত করে।’

১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। নব্বইয়ের দশকের গোড়ায় তিনি একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার ও সালমান শাহের।

শুরুতেই বাজিমাত করেন এই জুটি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি মৌসুমীকে। একের পর এক সফল সিনেমা দিয়ে নব্বইয়ের দশকজুড়ে শীর্ষ অভিনেত্রী হিসেবে খ্যাতি ধরে রাখেন। তার অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘চাই ক্ষমতা’, ‘বীর সৈনিক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মিনিস্টার’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মেশিনম্যান’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’, ‘তারকাঁটা’ ইত্যাদি।

কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় সালমান শাহ ও মৌসুমী
কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় সালমান শাহ ও মৌসুমী

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। এছাড়া ৬ বার করে পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার।

অভিনয়ের বাইরে গান ও পরিচালনাও করেছেন মৌসুমী। ২০০৩ সালে মুক্তি পায় মৌসুমী নির্মিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। পরে তিনি বানিয়েছেন ‘মেহের নিগার’। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত ‘মাতৃত্ব’ ছায়াছবিতে একটি গানে কণ্ঠও দেন তিনি। ইথুন বাবুর সুরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাঁটা ছায়াছবিতে ‘কি যে শূন্য লাগে তুমিহীনা’ গানে কণ্ঠ দেন। এছাড়াও মোস্তফা কামাল রাজের ছায়াছবি চলচ্চিত্রে ‘মন যা বলে বলুক’ গানের গীত রচনাও করেছেন মৌসুমী।

/জেএইচ/