মধ্যবর্তী নির্বাচন

রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে সব বিলে ভেটো দেবো: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে সব বিলে ভেটো দেবো: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ডেমোক্র্যাট কংগ্রেসের আনা প্রতিটি বিল আটকে দিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করবো। একের পর এক বিল আটকে গেলে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সমঝোতায় আসতে বাধ্য হবেন।

নিউইয়র্ক পোস্টের মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সঙ্গে কীভাবে কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার মনে হয়, আমি ‘মিস্টার ভেটো’ হয়ে যাব। ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলো আমি প্রত্যাখ্যান করবো। এভাবে এক-দুই মাস ধরে সব বিল আটকে যাওয়ার পর তারা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় আসবে, সমঝোতা করবে।

তিনি বলেন, আইন পাস করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার প্রয়োজন এবারই প্রথম হবে না। একপর্যায়ে হয়তো আমরা সমঝোতায় পৌঁছাব। অতীতেও এমন হয়েছে। এটা তো প্রথমবার নয়।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আশা করছি, আমরা দারুণ ফল করব। তবে যদি জিততে না পারি, তাহলে প্রতিটি বিলে ভেটো দেব। ভেটো দেব, আর ভেটো দেব।

তিনি বলেন, তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলে আবারও নির্বাচনে দাঁড়াতে আমার ভালো লাগবে। তবে সংবিধানের ভাষা খুবই স্পষ্ট।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবগুলো এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টির জন্য ভোট হবে।

বর্তমানে প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। তবে নির্বাচনী জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা করছে।

/এসবি/