রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে কী বলেছিলেন কবরী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে কী বলেছিলেন কবরী
কবরী, রাজ্জাক ও শাবানা

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা রাজ্জাক ও কবরী। ১৯৬৮ সালে তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর একাধিক সিনেমাতে কাজ করেছেন। রাজ্জাক-কবরী অভিনীত প্রায় সব ছবিই সুপারহিট হয়েছিল। এজন্য তাদের জুটিকে দেশের সর্বকালের সেরা জুটি বলা হয়। কেউ কেউ এ জুটিকে ভারতের উত্তম-সূচিত্রার সঙ্গে তুলনা করতেন। তবে পরবর্তীতে তাদের জুটি ভেঙে যায়। এরপর রাজ্জাক সে সময় শাবানার সঙ্গে জুটি বাঁধেন। আর আলমগীর ও ফারুককে বেছে নেন কবরী।

তবে মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে রাজ্জাক-শাবানার জুটিতে কষ্ট পেয়েছিলেন বলে জানান।

কী কারণে কষ্ট পেয়েছিলেন সে বিষয়েও স্পষ্ট করেন কবরী। তিনি বলেন, ‘রাজ্জাক-শাবানার জুটি যদি স্বাভাবিকভাবে হতো তাহলে আমি কিছু মনে করতাম না। কিন্তু তাদের জুটিতে একটা পলিটিক্স ছিল। এটি আমাকে কষ্ট দিয়েছে।’

রাজ্জাকের সঙ্গে শাবানা যে সিনেমাগুলো করেছেন সেগুলোতে শাবানার থেকে তিনি আরও বেশি ভালো করতেন বলেও জানান অভিনেত্রী।

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে কবরী এসব কথা বলেন। শাবানা অভিনেত্রী হিসেবে কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করেছি। কাজ করার সময় দেখেছি এবং পরিচালকদের কাছ থেকে শুনেছি নিজের খাঁচা থেকে বের হতে শাবানার কষ্ট হতো।’

২০২১ সালের ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান নায়িকা কবরী। আর শাবানাকে সর্বশেষ ‘ঘরে ঘরে যুদ্ধ’ সিনেমায় দেখা গিয়েছিল। গত দুই যুগের বেশি সময় তিনি নতুন কোনো সিনেমাতে কাজ করেননি। বর্তমানে স্বামী-সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

/জেএইচ/