যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

মাগুরা সংবাদদাতা
মাগুরা সংবাদদাতা
যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ

মাগুরায় পৌর যুবদল নেতা সাকের হোসেন হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে বিমানবন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান বলেন, সাকের হত্যা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ কাজ করছে।

এর আগে, এ হত্যা মামলায় যুবদল নেতা রনি শিকদার, শামীমা ইয়াসমিন লুবনা, স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মারুফ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

/এসবি/