শিরোনাম

নতুন জুটি আবিদ প্রান্ত–ইন্দ্রানী, আসছে নাটক ‘মায়াময়ী’

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
নতুন জুটি আবিদ প্রান্ত–ইন্দ্রানী, আসছে নাটক ‘মায়াময়ী’
প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আবিদ প্রান্ত ও ইন্দ্রানী নিশি

মানুষ, প্রকৃতি ও অন্যান্য প্রাণীর প্রতি মমত্ববোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াময়ী’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ জুলাই এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।

‘মায়াময়ী’ রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আবিদ প্রান্ত ও ইন্দ্রানী নিশি। নতুন এই জুটিকে নিয়ে আশাবাদী নির্মাতাও।

নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, ‘গল্পটির মূল বিষয়ই হলো মায়া ও মানবিক অনুভূতি। প্রান্ত ও নিশি প্রথমবার একসঙ্গে কাজ করেছে। দুজনই খুব আন্তরিক এবং অভিনয়ও করেছে দারুণ। আমি সবসময় নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। শুরুতে তারা সাদা ক্যানভাসের মতো থাকে, যেখানে নতুনভাবে চরিত্র নির্মাণের সুযোগ থাকে। গল্পনির্ভর কাজে নতুনদের নিয়ে কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং, তবে তারা সেই চ্যালেঞ্জ ভালোভাবেই সামলেছে। আমার বিশ্বাস, গল্পের শক্তির পাশাপাশি নতুন এই জুটিকেও দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’

নির্মাতার ভাষ্য, নাটকটির গল্পে মানুষ, প্রকৃতি ও অন্যান্য প্রাণীর পারস্পরিক সম্পর্ক এবং মমত্ববোধকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই নাটকের মাধ্যমে।

‘মায়াময়ী’ নাটকে আবিদ প্রান্ত ও ইন্দ্রানী নিশির পাশাপাশি অভিনয় করেছেন আশরাফুল নিশি, লিসা, খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।

/এমআর/