সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপন পরীমণির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সন্তানদের সঙ্গে জন্মদিন উদযাপন পরীমণির
পরীমণি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিন আজ। ১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম আসল নাম শামসুন্নাহার স্মৃতি। পরীর বাবার নাম মনিরুল ইসলাম, মা সালমা সুলতানা।

মাত্র তিন বছর বয়সে মাকে হারান পরীমণি। এরপর পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে বড় হন তিনি। নানার প্রতি পরীর ভালোবাসা ছিলো অগাধ। গত বছর সেই নানাকেও হারিয়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। এখন সন্তান রাজ্যকে নিয়েই চলছে পরীর সংসার।

বিনোদনজগতে পরীমণির যাত্রা শুরু হয় ২০১১ সালে। জানা যায়, নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে (বাফা) নাচ শিখতে ভর্তি হন পরী। বিভিন্ন অনুষ্ঠানে নাচও করতেন। এভাবে একসময় টিভি নাটকে অভিনয়ের সুযোগ পান। এরপর একে একে ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যাচেলর’ নামের নাটকে অভিনয় করেন। যদিও সেখানে নামভূমিকায় ছিলেন। পরে ‘নারী ও নবনীতা তোমার জন্য’ নামের একটি নাটকে মূল চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

২০১৫ সালে সিনেমায় অভিষেক হয় পরীমণির। নজরুল ইসলাম খানের পরিচালনায় ‘রানা প্লাজা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে সে সময় সিনেমাটির মুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। এটির প্রযোজক ছিলেন শাহ আলম মণ্ডল।

এরপর অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে ভারতের কলকায়ও অভিনয় করেছেন পরীমণি। ‘স্বপ্নজাল’ নামের ওই সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। ফোর্বসের ১০০ ডিজিটাল তারকা তালিকায়ও ছিল তার নাম।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ নামের ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি।

২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ে করেন পরীমণি। ২০২২ সালের ১০ জানুয়ারি রাজ-পরী নিজেদের সম্পর্কের কথা ঘোষণা দেন। প্রেম হওয়ার এক সপ্তাহের মাথায় এমন সিদ্ধান্ত নেন তারা। ২০২২ সালের আগস্টে পুত্রসন্তানের মা-বাবা হন পরীমণি ও শরীফুল রাজ। তার নাম রাখেন রাজ্য। ছেলেকে নিয়ে বেশ চলছিল রাজ-পরীর সংসার। তবে একসময় শুরু হয় টানাপোড়েন। অবশেষে ২০২২ সালের ৩১ ডিসেম্বরফেসবুক পোস্টে পরীমণি জানান, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

বিবাহবিচ্ছেদের এক বছর পূর্তিতে ফেসবুকে তিনি লেখেন, ‘আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে। জীবনটা পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি। ব্যর্থতা আমাকে আটকাতে পারিনি। সত্যি আমি আজ সুখী।’

এবারের জন্মদিনে পরীমণি বেশ ঘরোয়া ও আবেগময় পরিবেশে উদযাপন করেছেন।

শুক্রবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রথম প্রহরে জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করে সেই বিশেষ মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন এ অভিনেত্রী।

সামাজিকমাধ্যমে সেই পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লাল রঙের খোলা গাউনে আনন্দঘন পরিবেশে নিজের জন্মদিন উদযাপন করছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিল ছেলে পুণ্য ও কন্যা প্রিয়ম। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—‘হ্যাপি বার্থডে টু মি!’।

এদিকে সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর থেকেই কমেন্টবক্সে ভক্ত-অনুরাগীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।

/জেএইচ/