শিরোনাম

বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের নতুন গান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বিবাহবার্ষিকী উপলক্ষে তাদের নতুন গান
সীরাজুম মুনির ও লোপা হোসেইন

সংগীত শিল্পী ও সংবাদ উপস্থাপক লোপা হোসেইন এবং গীতিকার ও সুরকার সীরাজুম মুনিরের সংসার জীবনের ১০ বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী ৫ আগস্ট। প্রতি বছর এই দিনে তারা একটি যৌথ কাজ নিয়ে আসেন। আর এটাই হয় তাদের একে অন্যকে দেওয়া বিবাহবার্ষিকীর উপহার।

বেশিরভাগ সময় এই উপহারটি হয় মুনিরের কথা ও সুরে অথবা মুনিরের কথা এবং অন্য কারও সুরে লোপার গাওয়া গান। কিন্তু এবারের গানটির কথা লিখেছেন লোপা, সুর মুনিরের। গানের শিরোনাম– ‘তুমি জোছনা হয়ে’।

গানের সংগীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নিশক তারেক আজিজ।

গানটি বিয়েবার্ষিকী শুরুর কয়েক ঘণ্টা আগে ৪ আগস্ট রাত ৮টায় লোপা হোসেইনের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

গীতিকবি এবং সুরকার সীরাজুম মুনির বলেন, কিছু গান থাকে যা কানে আরাম এবং মনে শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। এই সেমি ক্ল্যাসিক্যাল মেলোডিয়াস গানটি তেমনই একটি গান। এই প্রথম লোপার লেখা গানে সুর করতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করেছে।

লোপা বলেন, অনেক বছর পর নিজের লেখা গান মুক্তি পেতে যাচ্ছে বলে ভীষণ ভালো লাগছে। আর যুগল জীবনের ১০ বছর পার করাটাও দারুণ আনন্দের। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি।

তিনি বলেন, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা সমস্যায় গানে অনিয়মিত হয়ে পড়লেও এই গানের মধ্যে দিয়ে আবারও সংগীত জগতে নিয়মিত হওয়ার চেষ্টা করবো। আশা করছি সবাইকে পাশে পাবো, যেভাবে পেয়ে এসেছি সবসময়।

/এফসি/