সরকারি দপ্তরে ৫ লাখের বেশি পদ খালি, তিন ধাপে নিয়োগের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারি দপ্তরে ৫ লাখের বেশি পদ খালি, তিন ধাপে নিয়োগের পরিকল্পনা
সংসদ অধিবেশনে কথা বলছেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত 'স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তবে এসব পদের বিপরীতে বর্তমানে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। বিপুলসংখ্যক শূন্যপদ পূরণকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

তিনি বলেন, সরকারের প্রণীত কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে লোকবল সংক্রান্ত আপডেট তথ্য পাঠানোর তাগিদ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

আব্দুল বারী বলেন, সকল মন্ত্রণালয় ও বিভাগকে খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে লোকবল নিশ্চিত করার জন্য সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগে এই সংক্রান্ত নিয়োগ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

/এসবি/