শিরোনাম

বিয়ে করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বিয়ে করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট ও তার স্ত্রী থিয়া বয়সেন

অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সেনকে বিয়ে করেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন)।

মঙ্গলবার (১৪ জুলাই) ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত মালিকানাধীন নেকার দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় । পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে প্রায় ৭০ জন অতিথির উপস্থিতিতে পুরো আয়োজনটি ছিল অত্যন্ত ব্যক্তিগত ও গণমাধ্যমের নজরের বাইরে।

প্রায় ৭৪ একরজুড়ে বিস্তৃত দ্বীপটিতে অতিথিদের জন্য ছিল নানা বিনোদনের আয়োজন। কাইটসার্ফিং, স্নরকেলিং এবং দ্বীপের বন্যপ্রাণী ঘুরে দেখার সুযোগ উপভোগ করেন আমন্ত্রিতরা। পারিবারিক এক বন্ধুর পরিচালনায় অনুষ্ঠিত অঙ্গীকার পর্বে একে অপরের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দেন নবদম্পতি।

বিয়ের দিন মিস্টার বিস্ট রালফ লরেনের ডিজাইন করা স্যুট পরেছিলেন। অন্যদিকে থিয়া বয়সেনকে দেখা যায় নিকোল প্লাস ফেলিসিয়ার তৈরি একটি বিশেষ ওয়েডিং গাউনে।

২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় এক বন্ধুর মাধ্যমে মিস্টার বিস্ট ও থিয়া বয়সেনের পরিচয় হয়। পরিচয়ের পর দ্রুতই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে ২০২৪ সালের বড়দিনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন মিস্টার বিস্ট।

বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নিজের বিয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখার সিদ্ধান্ত নেন এই ইউটিউবার। ব্যক্তিগত এই মুহূর্তটি তিনি শুধুমাত্র পরিবার ও কাছের মানুষের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন।

বিয়ের পর থিয়া বয়সেন বলেন, পুরো আয়োজনটি আমার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। ব্যস্ততার কারণে প্রিয় মানুষদের একসঙ্গে পাওয়া কঠিন হলেও এই অনুষ্ঠানে সবাইকে একত্রে পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে প্রতি বছর অন্তত এক সপ্তাহ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে এমন একটি মিলনমেলার আয়োজন করবো।

নতুন জীবন শুরুর পাশাপাশি নিজেদের পেশাগত কাজও সমানতালে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মিস্টার বিস্ট ও থিয়া বয়সেন।

/এসবি/