সালমান শাহ হত্যা মামলায় আবারও খলনায়ক ডনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সালমান শাহ হত্যা মামলায় আবারও খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
আদালত প্রাঙ্গণে খলনায়ক আশরাফুল হক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহিদা আক্তার এ আদেশ দেন।

এদিন ডনের পক্ষে তার আইনজীবী সফিউল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। আবেদনে তিনি বলেন, ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

এর আগে, পুলিশের বিভিন্ন সংস্থা কয়েক দফা তদন্ত করেছে। প্রতিবারই তদন্তে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এবার মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে এখনো ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জামিন আবেদনে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, ডন অসুস্থ এবং বিভিন্ন রোগে ভুগছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্থায়ী ঠিকানাও রয়েছে। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না বলে আবেদনে উল্লেখ করা হয়।

তবে আদালত জামিন আবেদন নাকচ করে দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে, গত ৯ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করেন ডন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর একাধিকবার ডনের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে নানা আলোচনা-জল্পনা আছে। মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন– সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

/এফআর/