শিরোনাম

ফুটবলারের সঙ্গে গাঁটছড়া বাধলেন টেইলর সুইফট

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফুটবলারের সঙ্গে গাঁটছড়া বাধলেন টেইলর সুইফট
বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলস

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলস।

শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিবার, বন্ধু এবং হলিউডের অসংখ্য তারকার উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বলেন, প্রচলিত বিয়ের রীতি থেকে ভিন্ন পথ বেছে নিয়েছিলেন এই তারকা যুগল। অনুষ্ঠানে কনের পক্ষের ব্রাইডসমেইড কিংবা বরের পক্ষের গ্রুমসমেন-কোনো আনুষ্ঠানিক দলই রাখা হয়নি। পুরো আয়োজনকে তারা ব্যক্তিগত ও ব্যতিক্রমী রাখার চেষ্টা করেন।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক খ্যাতিমান ব্যক্তিত্ব। অতিথিদের তালিকায় ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুন। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কালো রঙের এসইউভি গাড়ি এবং বিশাল তাঁবুর আড়ালে তাদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। একই সময়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় ডিজিটাল পর্দায় ‘জাষ্ট ম্যারেড’ বার্তাটি প্রদর্শিত হলে উপস্থিত ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।

টেইলরের মুখপাত্র জানিয়েছেন, বিয়ের দিন দুজনই ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে তৈরি পোশাক পরেছিলেন। পোশাকের নকশা করেন ব্র্যান্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতা ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের এবং টেইলর পরেছিলেন কার্টিয়ারের মূল্যবান গহনা।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই আয়োজনকে কেন্দ্র করে ম্যানহাটনের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করেও হাজারো ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন প্রিয় তারকা দম্পতিকে একনজর দেখার আশায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন।

/এসবি/