সব মজা কেন ছেলেদেরই নিতে হবে: শোভিতা ধুলিপালা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
সব মজা কেন ছেলেদেরই নিতে হবে: শোভিতা ধুলিপালা
শোভিতা ধুলিপালা

মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা নিয়ে মজার মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালা। ‘ভেট্টুভাম’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতি হিসেবে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা তাঁর কাছে শুধু শরীরচর্চা নয়, মানসিক পরিবর্তনেরও কারণ হয়েছে।

সম্প্রতি ‘এনডিটিভি যুবা ২০২৬’-এর অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের অভিজ্ঞতার কথা বলেন শোভিতা।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি একটি সিনেমা। এতে ভি আর দিনেশ ও আরিয়ার সঙ্গে অভিনয় করছেন শোভিতা। সিনেমাটিতে অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন সময়ের গল্পকে এক সূত্রে বাঁধা হয়েছে। উঠে আসবে মার্শাল ঐতিহ্য, ক্ষমতার লড়াই ও টিকে থাকার নানা গল্প।

সিনেমাটির জন্যই প্রথম মার্শাল আর্ট শেখেন শোভিতা। তিনি বলেন, ভারতে কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো বেশ কিছু সমৃদ্ধ মার্শাল আর্টের ধারা রয়েছে, যেগুলো যথেষ্ট গুরুত্ব পায় না।

শোভিতার ভাষায়, মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা তাঁকে শারীরিকভাবে যেমন ফিট করেছে, তেমনি মানসিকভাবেও বদলে দিয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে উত্তেজনা ও মানসিক চাপ অনেকটাই কমে যায় বলে জানান তিনি।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে অনুষ্ঠানে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে একটিকে বেছে নিতে হলে তিনি কোনটি বেছে নেবেন। কিছুটা মজা করেই অভিনেত্রী বলেন, এখন তাঁর পছন্দ মার্শাল আর্ট।

এরপর হাসতে হাসতে তিনি বলেন, ‘আমি ভাবিনি এমন উত্তর দেব। কিন্তু মার্শাল আর্ট আমার উত্তেজনা ও মানসিক চাপ এমনভাবে কমিয়ে দেয় যে নিজেকে খুব হালকা লাগে। আমার মা অবশ্য এই উত্তর শুনে খুশি হবেন না। কিন্তু ছেলেদেরই সব মজা করতে হবে কেন?’

‘ভেট্টুভাম’ চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে শোভিতার চরিত্র ও গল্পের বিভিন্ন দিক নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

/এমআর/