জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব: আসিফ মাহমুদ
আলোচনা সভায় কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হতে পারে। এ ধরনের ঘটনা ঠেকাতে সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মধ্য দিয়েই জাতিগত মুক্তি সম্ভব।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অতীতের বিভাজনের রাজনীতির দায় পর্যালোচনা এবং আগামীর সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে ‘রামু’র আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, রামুর ঘটনা অত্যন্ত আলোচিত হলেও ১৪ বছর পরও এর বিচার নিশ্চিত হয়নি। রাষ্ট্রের এই ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা যারা ঘটায়, তারা বারবার সাহস পায়। সাম্প্রদায়িক সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি। সাম্প্রদায়িক সহিংসতার পেছনের কারণ সব ক্ষেত্রে এক নয়। কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি আবার কোথাও গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তাই প্রতিটি ঘটনার প্রেক্ষাপট চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সারাদেশে মন্দির পাহারা দেওয়া হয়েছিল। জাতীয় নাগরিক পার্টিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের শত্রুরা চাইবে জনগণের মধ্যে দাঙ্গা বা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রকে ব্যর্থ হিসেবে দেখাতে। এ ক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরতে হবে এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে।

/এসবি/