শিরোনাম

গজনি সিনেমার সেই ভিলেন মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
গজনি সিনেমার সেই ভিলেন মারা গেছেন
প্রদীপ সিং রাওয়াত

গজনি সিনেমার জনপ্রিয় খলনায়ক প্রদীপ সিং রাওয়াত আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়াতকে প্রথমে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় ১০ দিন আগে উন্নত চিকিৎসার জন্য তাকে ভিওয়ান্ডির একটি ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রদীপ সিং রাওয়াতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। প্রবীণ এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রদীপ রাওয়াত ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে জন্মগ্রহণ করেন। বি আর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮৫ সালে ‘এতবার’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর একে একে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে ব্যাপক পিরিচিতি পান। তবে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ ছবিতে দেবা সিং সোধি চরিত্র এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমায় ভয়ংকর খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

তিন দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে রাওয়াত হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালমসহ একাধিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন।

সূত্র: এনডিটিভি

/জেএইচ/