বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি
ইমরান হাশমি

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি একটি সিনেমার শুটিংয়ে অ্যাকশন দৃশ্য ধারণের জন্য ক্যামেরা চালু করা হয়। চারপাশে চলছে প্রস্তুতি। আকাশে ক্রেনের সঙ্গে ঝুলছে একটি এসইউভি মডেলের গাড়ি। দৃশ্য ধারণের এমন মুহূর্তেই ঘটে যায় বিপত্তি। যান্ত্রিক ত্রুটির কারণে ক্রেন থেকে ফসকে গাড়িটি নিচে থাকা একটি ভ্যানের ওপর আছড়ে পড়ে। আর সেটি এসে পড়ে ইমরান হাশমির একেবারে কাছাকাছি।

ইতোমধ্যেই ঘটনার একটি পেছনের দৃশ্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে উপস্থিত কর্মীরা গাড়িটি ঘোরানোর প্রস্তুতির সময় কাউন্টডাউন দিচ্ছেন। এরপর মাঝআকাশে ঝুলে থাকা এসইউভিটি উল্টে যেতেই আচমকা সেটি নিচে পড়ে যায়। এতে উপস্থিত সবাই অপ্রস্তুত হয়ে পড়েন, সাময়িকভাবে ব্যাহত হয় শুটিংও।

অ্যাকশনধর্মী সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য এই ঝুঁকিপূর্ণ স্টান্ট ধারণ করা হচ্ছিল। তবে স্বস্তির খবর হলো এই ঘটনায় ইমরান হাশমি কোনো আঘাত পাননি। তবে ঘটনাটি পরিকল্পিত স্টান্টের অংশ ছিল, নাকি শুটিং চলাকালে সত্যিই কোনো ত্রুটি ঘটেছিল এ বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

/জেএইচ/