শিরোনাম

এদের ক্ষমা করার কোনো ইচ্ছাই নেই: মোনালি ঠাকুর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
এদের ক্ষমা করার কোনো ইচ্ছাই নেই: মোনালি ঠাকুর
মোনালি ঠাকুর

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে নিজের মতামত প্রকাশ করে সামাজিকমাধ্যমে তীব্র কটাক্ষ ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার চর্চা করায় তাকে ও তার পরিবারকে লক্ষ্য করে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে। এক ভিডিওবার্তায় এসব অভিযোগ করেছেন এই গায়িকা।

সম্প্রতি প্রকাশিত ওই ভিডিওবার্তায় মোনালি ঠাকুর বলেন, ‘অনেকদিন ধরে একটি ভিডিও বানিয়ে কথাগুলো বলতে চাইছিলাম। কিন্তু যতবার ক্যামেরা অন করেছি, ভেতর থেকে রাগ আর অস্বস্তি বের হচ্ছিল। এই দেশ যেন ক্রমাগত ভয়, উপেক্ষা আর বিদ্বেষের পরিবেশ তৈরি করে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

অনলাইনে নিজের মতামত জানানোর পর সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে গায়িকা বলেন, ‘আমি মৌলিক অধিকার হিসেবে মতামত প্রকাশ করতেই আমাকে চুপ করানোর চেষ্টা করা হলো। কিছু বললেই অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে। এরা আমার মাকেও ছাড়ছে না। এদের ক্ষমা করার কোনো ইচ্ছেই আমার নেই।’

বার্তায় অপরিকল্পিত নগরায়ণ নিয়ে কথা বলার পাশাপাশি আন্দোলনের সঙ্গে যুক্ত ‘জেন জি’কেও ধন্যবাদ জানান গায়িকা।

প্রসঙ্গত, নিট-জিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও সরকারের বিভিন্ন নীতি ঘিরে সম্প্রতি বিক্ষোভ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও সাধারণ জনতা। দেশটির বহু তারকা এ আন্দোলনে সমর্থন দিয়েছেন। এই তালিকায় ছিলেন মোনালি ঠাকুরও। তিনি নিজের অবস্থান পরিষ্কার করলে নেটিজেনদের একাংশ তার ওপর চড়াও হয় এবং মন্তব্য ঘরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

/জেএইচ/