শিরোনাম

ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

সিটিজেন ডেস্ক
ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত
অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত একটি গানের দৃশ্য ও কথার কারণে সৃষ্ট বিতর্কের জন্য ক্ষমা চেয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) তিনি ভারতের নারী কমিশনের সামনে হাজির হয়ে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন।

আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি সংস্করণের গান ‘সরকে চুনর তেরি সরকে’ নিয়ে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মুখে ছবির সংশ্লিষ্টদের তলব করে নারী কমিশন।

কমিশনের সামনে হাজির হয়ে সঞ্জয় দত্ত জানান, ওই গানের মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত দেওয়া বা সমাজে নেতিবাচক প্রভাব ফেলার কোনো উদ্দেশ্য তার ছিল না।

তিনি জানান, দায়িত্ববোধ থেকেই তিনি বিষয়টি অনুধাবন করেছেন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দুঃখ প্রকাশ করছেন।

এ সময় সঞ্জয় দত্ত ঘোষণা দেন, তিনি ৫০ জন আদিবাসী কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেবেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো চলচ্চিত্র বা সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে একই মামলায় অভিযুক্ত নোরা ফতেহি ওইদিন কমিশনের সামনে হাজির হননি। বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি সময় চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।

এর আগে ৭ এপ্রিল অনুষ্ঠিত প্রথম শুনানিতে সিনেমার পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সে সময় তারা গানের বিষয়বস্তু নিয়ে অজ্ঞতার কথা জানান। তবে কমিশন তাদের ব্যাখ্যা গ্রহণ না করে লিখিতভাবে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়।

/এসএ/