এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন
প্রতীকী ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পিছিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় ফল প্রকাশ করা হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে চার ঘণ্টা পর ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার বিকাল ৩টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল দেখা যাবে। এ ছাড়া আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেখানে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

এর আগে, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, ২৩ নভেম্বর সকাল ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এ অবস্থায় গত ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই পুনর্নিরীক্ষণ আবেদন নেওয়া শুরু হয়। ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ে ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনে মোট খাতার সংখ্যা দাঁড়ায় ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি। এসব খাতা যাচাইয়ের কাজ শেষ করে এখন ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।

যেভাবে ফল দেখা যাবে

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন—

ওয়েবসাইটে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে সাবমিট করতে হবে।

পিডিএফে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 'HSC Re-scrutiny Changed Result 2026' শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।

এসএমএসে: আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে, যাদের ফল পরিবর্তন হবে (ফেল থেকে পাশ বা গ্রেড বৃদ্ধি), তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে।

/এফআর/