এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট
হাইকোর্ট। ছবি: সিটিজেন জার্নাল

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।

এবারের ফলে বড় ধরনের অবনতি হওয়ায় ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এজন্য ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে তাদের তথ্য পাঠানো এবং ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাইয়ের কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

/জেএইচ/