শিরোনাম

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ১১ হাজার ৭১৩ শিক্ষক নিয়োগের সুপারিশ

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ১১ হাজার ৭১৩ শিক্ষক নিয়োগের সুপারিশ
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি শিক্ষক ও প্রভাষক পদের বিপরীতে নিয়োগের সুপারিশ পেয়েছেন ১১ হাজার ৭১৩ জন প্রার্থী। এতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়ে গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সপ্তম বা বিশেষ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফল প্রকাশ করে।

এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার সহকারী পরিচালক মোস্তাক আহমেদ বলেন, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ১৮ হাজার ৩৯৯ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ইতোমধ্যে এমপিওভুক্ত ১ হাজার ২৭ জন শিক্ষকের আবেদন বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা সমপদে আবেদনের যোগ্য নন। ফলে ১৭ হাজার ৩৭২ জন বৈধ প্রার্থীর মধ্য থেকে সব প্রক্রিয়া শেষে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের সুপারিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, শূন্যপদের বিপরীতে সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধিত প্রার্থী বা আবেদনকারী না থাকায় বিপুলসংখ্যক পদ খালি থেকে গেছে।

এনটিআরসিএর তথ্য অনুযায়ী, সুপারিশপ্রাপ্তদের মধ্যে স্কুল ও কলেজে ৫ হাজার ৭৪২ জন, মাদ্রাসায় ৪ হাজার ২৫৫ জন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫৪ জন, কারিগরি বিষয় চালু থাকা সাধারণ স্কুলে ১ হাজার ১৫৫ জন এবং কারিগরি বিষয় চালু থাকা মাদ্রাসায় ২০৭ জন রয়েছেন।

সুপারিশপ্রাপ্তদের তালিকা এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ সেবা বক্সে এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীরা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠানপ্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রার্থীদের তথ্য জানতে পারবেন।এ ছাড়া সুপারিশপ্রাপ্তদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফলের তথ্য জানানো হচ্ছে বলে জানিয়েছে এনটিআরসিএ।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল-কলেজে ২৯ হাজার ৫৭১টি, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৩৩টি পদে নিয়োগ দিতে গত ৬ জানুয়ারি ‘সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করে এনটিআরসিএ।

নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর। মেয়াদ থাকা নিবন্ধনধারী এবং বয়স ৩৫ বছরের কম প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পেরেছিলেন। আবেদনকালে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরমও পূরণ করানো হয়।

/এসএ/