বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল, নতুন নির্দেশনা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ইউজিসির আগের সিদ্ধান্ত বাতিল, নতুন নির্দেশনা
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোগো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধিবিধান অনুসরণ করে স্বতন্ত্রভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসির সদস্যরা এবং অনলাইনে যুক্ত হয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

এর আগে গত ৯ নভেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক সভায় ইউজিসি জানিয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল ফেব্রুয়ারি থেকে। একই সঙ্গে এর আগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নিজেদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল।

তবে বুধবারের বিশেষ সভায় ৯ নভেম্বরের ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। ফলে এখন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ও প্রশাসনিক কাঠামোর মধ্যে থেকেই ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য কার্যক্রম নির্ধারণ করতে পারবে।

ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ নভেম্বরের সভায় এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। এ পরিস্থিতি নিরসন এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে অবস্থান স্পষ্ট করতেই বুধবার বিশেষ সভা ডাকা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্তও অনুসরণ করতে হবে।

ইউজিসি আরও জানিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ও একাডেমিক বিষয় পরিচালনার ক্ষেত্রে আইনগত কাঠামোর আওতায় নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। সে অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রয়েছে।

এর মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে দেওয়া আগের নির্দেশনা আর বহাল থাকল না। বিশ্ববিদ্যালয়গুলো এখন নিজ নিজ সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম এগিয়ে নিতে পারবে।

/এমআর/