শিরোনাম

কাঁচাবাজারে আগুন, ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
কাঁচাবাজারে আগুন, ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি
বিভিন্ন ধরনের সবজি। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

নিত্যপণ্যের বাজারে প্রায় প্রতিটি সবজির দামই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গুটিকয়েক সবজি ছাড়া বাজারে ১০০ টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এই দাম বৃদ্ধিতে আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, বেগুন আকার ও মানভেদে ১২০ থেকে ১৪০ টাকা, শসা ১০০, গাজর ১০০, বরবটি ১০০, করলা ১৪০, ঝিঁঙে ১০০, কচুর মুখী ১২০, শিম ২৬০ এবং মুলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লাউ প্রতি পিস ১০০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

১০০ টাকার নিচে যেসব সবজি বিক্রি হচ্ছে

হাতেগোনা কিছু সবজি ১০০ টাকার নিচে বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা করে। এছাড়া ঢেঁড়স ৮০ টাকা, কচুর লতি ৮০, চিচিঙ্গা ৭০, পটল ৬০, পেঁপে ৪০, ধুন্দল ৮০, মিষ্টি কুমড়া ৬০ এবং চাল কুমড়া প্রতি পিস ৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া লেবুর হালি ১০ থেকে ২০ টাকা। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। মানভেদে ২৪০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে, গত সপ্তাহেও যা ছিল ১৬০ টাকা।

এদিকে সবজির দাম বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। মোতাহের হোসেন নামের একজন ক্রেতা বলেন, ‘অবস্থা এখন এমন হয়েছে, সবজি কিনতে আসলে আর মাছ কেনার টাকা থাকে না। বেশিরভাগ সবজির দামই ১০০ টাকার ওপরে।’

তিনি আরও বলেন, ৪০-৫০ টাকার ঢেঁড়সের দাম বেড়ে এখন ৮০ টাকা হয়ে গেছে। ৫০-৬০ টাকার কাঁকরোল ৮০-৯০ টাকা হয়ে গেছে। মনে হচ্ছে, দাম বাড়লে আর কমার কোনো অপশন থাকে না।

ডিম

এদিকে, ফার্মের লাল এবং সাদা ডিমের দামও বেড়েছে। বর্তমানে লাল ডিমের ডজন ১৩৫ টাকা এবং সাদা ডিমের ডজন ১২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। লাল ডিমের হালি ৪৭-৪৮ টাকা এবং সাদা ডিমের হালি ৪২-৪৩ টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে লাল ডিমের ডজন ছিল ১৩০ এবং সাদা ডিমের ডজন ছিল ১২০ টাকা করে। লাল ডিমের হালি ৪৫ টাকা এবং সাদা ডিমের হালি ৪০ টাকায় বিক্রি হয়েছে।

/জেএইচ/