শিরোনাম

এডিবির সহায়তা উন্নয়ন পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
এডিবির সহায়তা উন্নয়ন পরিকল্পনায় বড় ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দ্রুত ও সময়োপযোগী অর্থায়ন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এমন দ্রুত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার (২৪ মে) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চারটি বড় প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে।

স্বাক্ষরিত প্রকল্পগুলো হলো: স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম-২), সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডোর রোড প্রকল্প এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী এডিবির প্রেসিডেন্ট ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আগামীকাল ২৫ মে এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (ন্যাশনওয়াইড ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট) নিয়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বাংলাদেশ সরকার ও এডিবির দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ভবিষ্যতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

/এমআর/