রিকশাচালক থেকে শিক্ষার্থী, জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রিকশাচালক থেকে শিক্ষার্থী, জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

ব্যবসা শুরু করতে চান, কিন্তু হাতে প্রয়োজনীয় পুঁজি নেই। ব্যাংকঋণ নিতে গেলেও জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে অনেকের পক্ষে তা সম্ভব হয় না। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের মানুষের জন্য ব্যাংকঋণ পাওয়া কঠিন। এসব মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ নেওয়ার সুযোগ পাবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে ঋণের যোগ্যতা, পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষও এ সুবিধার আওতায় আসবেন। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে তাঁদের জীবনমান উন্নয়ন এবং ব্যাংকিং সেবার আওতা বাড়ানো।

কারা পাবেন ঋণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্য ব্যক্তিদের একটি বিস্তৃত তালিকা দেওয়া হয়েছে। এতে রয়েছেন পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার।

এ ছাড়া ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিকেরাও এ ঋণ নিতে পারবেন।

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে মুদি ও মনিহারি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্য ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই ও পত্রিকা বিক্রেতা এবং ফুল, ফল ও শাকসবজি বিক্রেতারা ঋণের জন্য বিবেচিত হবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও এ সুবিধা পাবেন।

প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প ও বিভিন্ন ধরনের খাবার তৈরির কাজে যুক্ত ব্যক্তিরা ঋণ নিতে পারবেন। উদ্ভাবনী ও সম্ভাবনাময় আয়বর্ধক কর্মকাণ্ডেও এ তহবিল থেকে অর্থায়ন করা যাবে। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরাও ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড নেই বলে কোনো প্রান্তিক বা ভূমিহীন কৃষক যাতে ঋণ পাওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও ব্যাংকগুলোকে সচেতন থাকতে বলা হয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও প্রবাসী পরিবারের সদস্যরাও পাবেন

নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস কিংবা করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীরা এ ঋণে অগ্রাধিকার পাবেন।

একইভাবে উপকূলীয়, চর ও হাওর অঞ্চলের স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরাও এ সুবিধা পাবেন।

প্রবাসীদের রেমিট্যান্স গ্রহণকারী পরিবারের সদস্য, বিদেশফেরত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদেরও ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষ যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ নিতে পারবেন।

শিক্ষার্থীরাও পাবেন ঋণ

এই কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ২৫ বছর বয়স পর্যন্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীরা ঋণের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে স্টুডেন্ট ব্যাংকিং হিসাব থাকতে হবে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় আসবেন।

বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের জন্য তাঁদের ঋণ দেওয়া যাবে। তবে ঋণ পরিশোধের বিষয়ে অভিভাবকের নিশ্চয়তা থাকতে হবে।

এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ নেওয়া যাবে। এসব ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।

একক ঋণ ১০ লাখ, দলগতভাবে ৪০ লাখ

একজন ব্যক্তি বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। অন্যদিকে দলগত ঋণের সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা।

দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচজন সদস্য নিয়ে দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পাবেন। ঋণের অর্থ পরিশোধের দায় ব্যক্তিগত ও যৌথভাবে সব সদস্যের ওপর থাকবে।

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। আগে থেকে হিসাব না থাকলে নতুন হিসাব খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ সরাসরি ওই ব্যাংক হিসাবে জমা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। তবে এর বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্ক বিবেচনায় যৌক্তিক সহায়ক জামানত চাওয়া যাবে।

এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক চাইলে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য নির্ধারিত গ্যারান্টি ফি ব্যাংককেই নিজস্ব তহবিল থেকে পরিশোধ করতে হবে।

সুদ সর্বোচ্চ ৭ শতাংশ, মেয়াদ পাঁচ বছর

বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এ কর্মসূচিতে অংশ নিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও ৭ শতাংশের বেশি হতে পারবে না।

ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় পাঁচ বছর বা ৬০ মাস। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস কিস্তি পরিশোধে বিরতি বা গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।

গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর কিংবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক। অন্যদিকে ব্যাংকগুলোকে গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ত্রৈমাসিক কিস্তিতে বাংলাদেশ ব্যাংকের কাছে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে।

ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন সংগ্রহ করতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে এ প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না।

যেভাবে আবেদন ও ঋণ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো নিজস্ব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে।

এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের বাইরে ঋণ প্রক্রিয়াকরণের নামে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।

ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি সম্পর্কে প্রতি তিন মাস পর প্রতিবেদন তৈরি করে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

/এমআর/