সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার
সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিন

চট্টগ্রামের পোশাক ও বস্ত্র শিল্প খাতের প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, মহসিনের বিরুদ্ধে ৭-৮টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতে তিনি আগ্রাবাদ এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে থানায় নেওয়া হয়েছে।

মহসিনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গ্রেপ্তারি পরোয়ানা যাচাইসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার ৫টি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে মহসিনকে ৫ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। ৫টি মামলায় ব্যাংকটির পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। সে সময় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় ৩ হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ৪৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ৩০ ডিসেম্বর সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া একই বছরের জুনে ৪৯ দশমিক ৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোহসিনসহ ২৬ জনের বিরুদ্ধে দুইটি মামলা করে সংস্থাটি।

সর্বশেষ ২০২৬ সালের ২৩ এপ্রিল ঢাকা ব্যাংকের ৮৩ কোটি ২০ লাখ টাকা খেলাপি ঋণের এক মামলায় মোহসিন ও তার স্ত্রী শামীমা নারগিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে চট্টগ্রামের আনোয়ারায় সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠা করেন মোহাম্মদ মহসিন। পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। গ্রুপের অধীনে পাঁচ কারখানায় সব মিলিয়ে ১ হাজার ৭০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। বর্তমানে কারখানাগুলো বন্ধ রয়েছে।

/জেএইচ/