রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩৭

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩৭
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে শুধু মিরপুরেই ১০৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃত অন্যদের মধ্যে তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) ১০ জন এবং স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) ৭ জন রয়েছেন।

অভিযানকালে ৪টি তাজা ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন, ৪ বোতল দেশি মদ, একটি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

/এফআর/