ভালো ফুটবলার থেকে সুইডেন আসলাম যেভাবে শীর্ষ সন্ত্রাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভালো ফুটবলার থেকে সুইডেন আসলাম যেভাবে শীর্ষ সন্ত্রাসী
সুইডেন আসলাম

২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম, যার প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। জামিনে মুক্তির প্রায় দুই বছর পর আবারও গ্রেপ্তার হলেন এক সময়ে ঢাকার এই শীর্ষ সন্ত্রাসী। এক সময়ে স্কুলে ভালো ফুটবলার হিসেবে সুনাম ছিল শেখ আসলামের। তিনি আবারও গ্রেপ্তার হওয়ার অনেকের মনেই প্রশ্ন– বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ আসলামের নামের সঙ্গে মিলে যাওয়া স্কুল মাঠের ভালো এই ফুটবলার কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী হলেন আর কীভাবে তার নাম শেখ আসলাম থেকে হয়ে গেল সুইডেন আসলাম!

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল শেখ আসলাম বা সুইডেন আসলাম। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় ছিল তার আধিপত্য। সে সময় এসব এলাকায় চাঁদাবাজিতে আধিপত্য বিস্তার করতে গিয়ে বহু হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ আছে। কথিত আছে তিনি ছদ্মবেশে চলাফেরা করতেন, পরতেন বুলেটপ্রুফ জ্যাকেট। একটা সময়ে কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণ করতেন বলেও জানা গেছে।

সুইডেন আসলামকে নিয়ে একটা সময়ে আলোচনার অন্ত ছিল না। নানরকম রহস্যে ঘেরা ছিল তার জীবনযাপন। সুইডেন আসলাম এখন আবার আলোচনায় এসেছেন রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার চেষ্টাকালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন সুইডেন আসলাম। তবে গোয়েন্দাদের ধারণা, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হয়ে তার মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে।

ডিবি কর্মকর্তাদের ভাষ্য, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। এ ছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর নিউমার্কেট এলাকায় আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায়।

ফুটবলার আসলাম

সুইডেন আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ায়। স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। আসলাম পড়তেন তেজগাঁও পলিটেকনিক স্কুলে, যেটির এখনকার নাম তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়। স্থানীয় সূত্রে জানা যায়, আসলাম ভালো ফুটবল খেলতেন। স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাস করে তিনি ভর্তি হন তেজগাঁও কলেজে। তখন থেকেই জড়িয়ে পড়েন অপরাধে।

অপরাধজগতে যেভাবে উত্থান

শেখ জিন্নাত আলীর তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে তার উত্থান। শুরুর দিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। সেই সময়ে এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে।

সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটত।

পিচ্চি হান্নানকে দলে ভিড়িয়ে রানাকে হত্যা

১৯৯৬ সালে পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। হত্যাকাণ্ডে পিচ্চি হান্নান জড়িত ছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়।

যেভাবে এলো ‘সুইডেন’ আসলাম নাম

আসলামের প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকে দেশে ফেরার পর অপরাধজগতে তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়। এরপর থেকে পুলিশের তালিকায়, মামলার নথিতে এবং আদালতের খবরে তার সুইডেন আসলাম নামটিই বারবার ব্যবহার করা হয়েছে।

ইতির সঙ্গে আসলামের সংসার টেকেনি। বিচ্ছেদের পর ইতি বাংলাদেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামে এক ‘সন্ত্রাসীকে’ বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হন। সেই মামলার অভিযোগপত্রে আসলামের নাম ছিল। ইতির সঙ্গে বিচ্ছেদের পর আসলাম নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন।

গালিব হত্যা ও গ্রেপ্তার

যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এ ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।

দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর আসলামকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় তার ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল বলে জানা যায়।

কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণ

দীর্ঘ সময় কারাগারে থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নানের মাধ্যমে কারাগারে বসেই বিভিন্ন এলাকায় প্রভাব ধরে রাখতেন তিনি। কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে তার কাছে পৌঁছাত বলে বিভিন্ন সূত্রের দাবি।

/আরএ/