শিরোনাম

ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘ধর্ষণের পর হত্যা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফ্ল্যাটে নারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘ধর্ষণের পর হত্যা’
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

ঢাকার আমিনবাজারে বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শারমিন আক্তার লিজা। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ‍জুলাই) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে যায়। মরদেহের প্রাথমিক সুরতহাল এবং কক্ষের ভেতরে পাওয়া বেশ কিছু আলামতের ভিত্তিতে পুলিশের প্রাথমিক ধারণা, ভুক্তভোগীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত শারমিন আক্তার লিজা ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। রাজধানীর একটি প্রসাধনী প্রতিষ্ঠানে তিনি মার্কেটিং বিভাগে কাজ করতেন। এক মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

এসআই জাকির বলেন, বৃহস্পতিবার দুপুরে মেয়ে সামিয়া আক্তার জেরিন তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যায় বাসায় ফিরে তার মায়ের মরদেহ বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।

/এফসি/