শিরোনাম

১২ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা
প্রতীকী ছবি

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাস বলা হয়েছে, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গেদেশের অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, জুলাই মাসের জন্য দেওয়া এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুলাই মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রঝড় হতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

এতে বলা হয়েছে, জুলাই মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

/এসবি/