শিরোনাম

আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঢাবিতে আজ বড় পর্দায় দেখানো হবে না
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নির্ধারিত পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ফিফা বিশ্বকাপের আজকের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) এক যৌথ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের সিইও মো. সেজান মাহমুদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এবং অ্যাথলেট স্পোর্টস গিয়ারের ব্যবস্থাপনায় টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদদীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজন চলছিল। তবে অনাকাঙ্ক্ষিত ও প্রতিকূল আবহাওয়ার কারণে আজ মঙ্গলবারের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আয়োজক কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন যে, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামীকাল বুধবার থেকেই পুনরায় নির্ধারিত পাঁচটি ভেন্যুতে ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় নিয়মিতভাবে সম্প্রচার করা হবে।’

একই সাথে বিশ্ববিদ্যালয় এলাকার ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থী ও দর্শকদের এই সাময়িক বিঘ্নের জন্য ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সবাইকে সুস্থ ও নিরাপদ থাকার অনুরোধ করা হয়েছে।

/এফআর/