শিরোনাম

পল্লবীর ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার: র‍্যাব

Multiple Authors
শরীয়তপুর প্রতিনিধি ও সিজেডএন ডেস্ক
পল্লবীর ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার: র‍্যাব
র‍্যাবের লোগো

রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং হিসেবে পরিচিত ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

সোমবার (৬ জুলাই) র‍্যাব-৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং শাহা পরান (২৩)।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। তাঁদের মধ্যে রজ্জব হোসেন ও মেহেদী হাসান গ্রুপটির নেতা হিসেবে পরিচিত আশিকের ঘনিষ্ঠ সহযোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গ্রুপটির সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শোডাউনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া সোহেল রানার বিরুদ্ধেও পল্লবী থানায় একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের তথ্য অনুযায়ী, এর আগে গত ১৭ জুন ও ৪ জুলাই পৃথক অভিযানে একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা হলেন পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ ও আল আমিন।

সব মিলিয়ে এ পর্যন্ত ‘ভইরা-দে গ্রুপের’ ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/এমআর/