শিরোনাম

হঠাৎ সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
হঠাৎ সেনাবাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। প্রশিক্ষণ এলাকায় তিনি হঠাৎ উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকার মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরে স্থাপিত অস্থায়ী ক্যাম্পের বিস্তীর্ণ এলাকা তিনি পায়ে হেঁটে পরিদর্শন করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী এভাবে সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী ক্যাম্পের বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী ক্যাম্পের বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। ছবি: পিএমও

মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভারবাল অর্ডার) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। ছবি: পিএমও

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকী গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।

সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

একপর্যায়ে তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সরকারপ্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেনাসদস্যদের তাৎক্ষণিক রান্না করার কৌশল দেখেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
সেনাসদস্যদের তাৎক্ষণিক রান্না করার কৌশল দেখেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফসি/