শিরোনাম

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
আদালত চত্বরে পুলিশি পাহারায় সাহেদা পারভীন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনকে জামিন দেননি হাইকোর্ট। রবিবার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।

এর আগে, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করে পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। হত্যাচেষ্টার পরিকল্পনা, অর্থের জোগানদাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে ১৪ ডিসেম্বর গ্রেপ্তার করে র‌্যাব।

পরে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, শ্যালক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

/এফআর/