বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেলো সেই কিশোর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: জামিন পেলো সেই কিশোর
আদালতে অভিযুক্ত কিশোর আজান আলী শরীফ

রাজধানীর বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর একই আদালতে তার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন। ওইদিনও তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত।

গত ২৪ সেপ্টেম্বর একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

জামিন আবেদনে বলা হয়েছিল, নিহত মেহেদী একজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। ওই কিশোর গাড়িতে চালকের পাশের আসনে বসা ছিল। হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে যায়।

এতে বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর বিকালে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে গাড়িচাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হন। তার বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। ঘটনার সময় ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন মেহেদী। দ্রুতগতির একটি প্রাইভেট কার উঠে যায় সেই ফুটপাতে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মেহেদী।

ঘটনার পর স্থানীয়রা গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযোগ ওঠে, অন্য একজনকে আসামি দেখিয়ে ওই কিশোরকে ছেড়ে দেওয়া হয়েছিল।

এ ঘটনায় গুলশান থানায় মামলা করেন নিহত মেহেদীর ভাই মোক্তাদির ইসলাম। মামলায় কিশোরের নাম উল্লেখ করা হয়নি। গাড়িচালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়।

এ নিয়ে সমালোচনা শুরু হলে ২৩ সেপ্টেম্বর কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

/এসবি/