মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
মাহবুব উল আলম হানিফ

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার চার আসামিই বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়াসহ তিনটি করে অভিযোগ আনা হয়েছিল।

প্রথম অভিযোগে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড ও বাকি দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। অন্য আসামিদের প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও বাকি দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাইয়ে আন্দোলনকারীদের দমনের জন্য বৈঠকে উপস্থিত থেকে ওবায়দুল কাদেরের সঙ্গে সিদ্ধান্তে একমত পোষণ করা ও সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল। ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেন। এছাড়া তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ও আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ৬ জনকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

/জেএইচ/