শিরোনাম

বেনজির, হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
বেনজির, হাদি হত্যা মামলার আসামিদের প্রত্যর্পণের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত সাড়া আশা করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারত থেকে হাদি হত্যা মামলার তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের জন্য আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করেছি। আমরা আশা করি, উভয় সরকারের কাছ থেকে শিগগিরই একটি ইতিবাচক সাড়া পাবো।

তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। আর ৩০ দিনের সময়সীমা দেওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ তিন দিনের মধ্যে প্রত্যর্পণের সব প্রয়োজনীয় নথি জমা দিয়েছে।

হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে সব প্রয়োজনীয় নথি পাঠিয়েছে।

তিনি উল্লেখ করেন, ওই তিন সন্দেহভাজন বর্তমানে ভারতে বিচারের সম্মুখীন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে আইনি কার্যক্রম চলমান থাকা অবস্থাতেও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা যেতে পারে।

জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার পতনের প্রাক্কালে হাসপাতাল থেকে বহু নথিপত্র গায়েব, চিকিৎসায় বাধা এবং লাশ গুম করার কারণে প্রকৃত সংখ্যা নিরূপণে জটিলতা তৈরি হয়েছিল। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী শহীদের সংখ্যা প্রায় ১৪০০ বলা হলেও সরকারের ধারণা এই সংখ্যা ২০০০-এর অধিক।

তিনি আরও বলেন, বর্তমানে ডিএনএ টেস্ট ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে, যার ফলে নথিবদ্ধ শহীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে সরকারের পক্ষ থেকে ১৫ হাজারেরও বেশি শহীদ ও আহতদের সুনির্দিষ্ট গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে এবং আহতদের ক, খ ও গ—এই তিন শ্রেণিতে বিন্যস্ত করে চিকিৎসাসহ অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্ষাকালীন আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ স্থানীয় সরকার মন্ত্রীর সাথে যৌথ বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

/এফআর/