সাড়ে ৪ বছর পর দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
শরীফ উদ্দিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালকের পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল সংস্থাটি। এবার এই লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) প্রত্যাহার চেয়ে আবেদন করলে সেটা মঞ্জুর করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সাড়ে ৪ বছরের বেশি সময় আগে চাকুরিচ্যুত শরীফ উদ্দিনের জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে পুনর্বহালে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধির ক্ষমতাবলে পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালীন সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন তিনি। এ ঘটনায় প্রভাবশালী মহল থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বলে থানায় জিডিও করেন তিনি। ওই সময় তার চাকরিচ্যুতি দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মচারীরা মানববন্ধনও করেন।

তবে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ ফিরে পেতে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। বিভিন্ন আইনি প্রক্রিয়া ও আপিল বিভাগের শুনানির পর ২০২৪ সালের ৯ জুলাই এক রায়ে শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির আদেশটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেইসঙ্গে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে দুদক। তবে সম্প্রতি সংস্থাটি ওই আপিল না চালানোর বা প্রত্যাহারের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত আবেদনটি মঞ্জুর করায় হাইকোর্টের রায় বহাল থাকে এবং তার চাকরিতে ফেরার পথ সুগম হয়।

/জেএইচ/