শিরোনাম

ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট, ডিএজির বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট, ডিএজির বিরুদ্ধে অভিযোগ রুমিন ফারহানার
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া এক আবেদনে এ দাবি জানান তিনি।

আবেদনে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেও ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১১ সেপ্টেম্বর আমাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন। এ ধরনের ব্যক্তিগত, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য অপমানজনক।

তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছি।

অভিযোগটি জানার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলামকে জিজ্ঞাসা করেছেন বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ছোটনের স্বাধীন মতামত প্রকাশের অধিকার। এই অফিসে জমা করা অভিযোগটি তার পেশাগত কিংবা প্রশাসনিক কোনো পদক্ষেপের আওতায় আসে না। এ কারণে আমি ছোটনের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছি। এ বিষয়ে তার বিরুদ্ধে আমাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করছি।

/এসবি/