শিরোনাম

আ.লীগের শীর্ষ ৭ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আ.লীগের শীর্ষ ৭ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
সুপ্রিম কোর্ট

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশ পথে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ককটেল ছুড়ে পালিয়েছে তা বলতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান। তিনি বলেন, দুপুর ১টার কিছু পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া রয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৭ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এর প্রায় ১০ মাস পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামিকে মৃত্যদণ্ড দেওয়া হলো।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নারী ও শিশুসহ প্রায় ১৪০০ জন নিহত হন। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সপ্তম রায় হলো আজ।

দুটি ট্রাইব্যুনালের ৭ রায়ে মোট ৬৮ আসামিকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ২২ আসামির মধ্যে ১৮ জনই পলাতক। এছাড়া কারাগারে আছেন ৪ জন।

/জেএইচ/